নিজস্ব প্রতিনিধি, ফেনী:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ফল উৎসব-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ সম্পর্কে জানার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।
প্রতিযোগিতায় তিনটি ইভেন্টের ১১টি শাখায় মোট ৩৩ জন বিজয়ীকে শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়া ফল উৎসব-২০২৬ উপলক্ষে গ্রুপভিত্তিক মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিটি দলের পাঁচজন করে শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতার ফলাফলে ‘ক’ গ্রুপ (প্রাথমিক শাখা)-এ প্রথম হয় চতুর্থ শ্রেণির গন্ধরাজ শাখা, দ্বিতীয় হয় তৃতীয় শ্রেণির পলাশ শাখা এবং তৃতীয় হয় চতুর্থ শ্রেণির হাসনাহেনা শাখা। ‘খ’ গ্রুপ (মাধ্যমিক শাখা)-এ প্রথম হয় ষষ্ঠ শ্রেণির কনকচাঁপা শাখা, দ্বিতীয় হয় নবম শ্রেণির অর্কিড শাখা এবং তৃতীয় হয় অষ্টম শ্রেণির দোলনচাঁপা শাখা।
ফল উৎসব-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক শাখার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পলাশ, গন্ধরাজ ও হাসনাহেনা শাখার ২০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একইভাবে মাধ্যমিক শাখার ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির কনকচাঁপা, দোলনচাঁপা ও অর্কিড শাখার ১৫ জন শিক্ষার্থীকেও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
প্রধান শিক্ষক কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। তিনি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
