ফেনী প্রতিনিধি:
Bangla QR সেবার প্রচার ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী শাখার উদ্যোগে বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) আয়োজিত রোড শোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ জালাল।
এ সময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, শাখার কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত গ্রাহকরা।
রোড শোতে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে Bangla QR-এর সুবিধা, ব্যবহার পদ্ধতি এবং ডিজিটাল লেনদেনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
Bangla QR বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া একটি আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে গ্রাহকরা মোবাইল ব্যাংকিং ও ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও নগদবিহীন লেনদেন করতে পারেন।
আয়োজকরা জানান, ডিজিটাল লেনদেনের প্রসার এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
