সোনাগাজী প্রতিনিধি :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ বাস্তবায়নে ফেনী নদীতে দিনভর অভিযান চালিয়েছে ফেনী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর।
সোমবার (২৬অক্টোবর) ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ও জেলা মৎস্য অফিসার মোঃ মাসুদুল হাছান এর নেতৃত্বে অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ফাতিমা সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) চয়ন বড়ুয়া, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: আবদুল্লা আল হাসান, ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মারজান হোসাইন, সদস্য সচিব ও উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার।
অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
উপজেলা সহকারি মৎস্য অফিসার বিজয় কুমার পাল জানান, অভিযান কালে জেলে সম্প্রদায় ও মৎস্যজীবীদের সচেতনতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও জেলা মৎস্য অফিসার সহ কর্মকর্তাগণ।
উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার জানান, এবারের মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে মৎস্য বিভাগ থেকে সচেতনতামূলক সভা, মাইকিং, বেনার, লিপলেট বিতরণ সহ নানা ভাবে প্রচারণা চালানো হয়েছে। এবং সরকারি নির্দেশনা পালনে জেলে সম্প্রদায় ও মৎস্যজীদের মধ্যে ভালো সচেতনতা দেখা গেছে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।
অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ, আনসার, জেলে ও মৎস্যজীবীরা সহযোগিতা করেন।
