ফেনী প্রতিনিধি:
ঘোপাল ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিএনপির স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। চেয়ারম্যান পদে প্রার্থী ইয়াকুব চৌধুরীকে ঘিরে উঠেছে হাইব্রিড রাজনীতির অভিযোগ। দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাদের পাশ কাটিয়ে অর্থ ও প্রভাবের রাজনীতিতে নির্বাচনী সমীকরণ পাল্টানোর চেষ্টা চলছে বলে অভিযোগ দলীয় নেতাকর্মীদের একাংশের।
অভিযোগ, দীর্ঘদিন দলের সঙ্গে থাকা ইউনিয়ন বিএনপির এক শীর্ষ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঠেকাতে মাঠে চলছে টাকার খেলা। ত্যাগী নেতাদের মূল্যায়নের বদলে অর্থের প্রভাবকে প্রাধান্য দেওয়া হলে দলের তৃণমূল রাজনীতিতে নেতিবাচক বার্তা যাবে বলেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
দলীয় দুঃসময়ে যারা মাঠে ছিলেন, মামলা-হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মুখেও সংগঠন ধরে রেখেছেন—তাদের বাদ দিয়ে হঠাৎ প্রভাবশালী হয়ে ওঠা ব্যক্তিদের গুরুত্ব দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন উঠছে স্থানীয় বিএনপিতে।
ঘোপাল ইউনিয়নে চেয়ারম্যান পদ ঘিরে বিএনপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কী প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
