চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের জোরারগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকার নাহার ফিড মিলের সামনে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মো. আমিন (৩৭) ও দ্বীন মোহাম্মদ (২৭)।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা জানতে পারেন, মাদক কারবারিরা যাত্রীবেশে নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী নীলাচল পরিবহনের একটি বাসে করে গাঁজা নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে মহাসড়কের মস্তাননগর এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চেকপোস্টের কাছে বাসটি পৌঁছালে দুই যাত্রী সঙ্গে থাকা ব্যাগ নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় এসআরবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের কাঁধব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
