স্পোর্টস রিপোর্ট :
ঢাকা কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে টানা ২য় জয় পেয়েছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব
ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে ফেনীর ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।
আজ ব্লেজ স্পোর্টস ক্লাব (বিএসসি) কে ১২ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি। এই জয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফ্রেন্ডশিপ।
বুধবার সকালে বেহারা তেঘরিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আমিরুল করিম অপি। ৩৩ বলের ইনিংসে তিনি চারটি বাউন্ডারি হাঁকান। ইমন ২১ বলে করেন ২৫ রান। শেষদিকে মাত্র ৪ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন মাসুদ।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বিএসসি। ফ্রেন্ডশিপের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৩ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ১২ রানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনীর দলটি।
ফ্রেন্ডশিপের হয়ে মইনুল শিকার করেন সর্বোচ্চ ৩ উইকেট। ৪ বলে ২৪ রানের পাশাপাশি ১ উইকেট শিকার করে ম্যাচ সেরা মাসুদ।
এর আগে টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচেও জয় পেয়েছিল ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। ফিউচার স্টার্স ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারিয়ে আসর শুরু করে তারা।
প্রথমবার থার্ড ডিভিশন কোয়ালিফাইয়ং টুর্নামেন্টে অংশ নিয়ে বাজিমাত করেছে দলটি। টুর্নামেন্টের শুরুতেই টানা দুই জয় পাওয়ায় ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হেড কোচ আলী আশরাফ ইমন বলেন, আমাদের দলটিতে পেস বোলিং, স্পিন এবং ব্যাটিং—তিনটি বিভাগেই ভালো ভারসাম্য রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলোয়াড়দের দলের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার মানসিকতা। দল নিয়ে আমি খুবই আশাবাদী। ইনশাআল্লাহ, আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলতে পারি, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারব।
টিম ম্যানেজার কামরুল হাসান রানা বলেন,
প্রতিটি জয়ই আমাদের জন্য অনেক আনন্দের এবং আত্মবিশ্বাসের। আমাদের দলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবচেয়ে গর্বের বিষয় হলো, আমরা ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং ফেনীকে প্রতিনিধিত্ব করছি। ফেনীর মানুষের ভালোবাসা ও দোয়া সবসময় আমাদের সঙ্গে আছে। আমরা আশা করি, সামনে আরও ভালো কিছু করতে পারব, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
