নিজস্ব প্রতিবেদক:
ফেনী বিএনপিতে ক্রমেই বাড়ছে অসন্তোষ। দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে তেলবাজ, অন্য দল থেকে আসা এমনকি ক্ষেত্রবিশেষে আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বেশি সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে দলটির একাংশের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ইতোমধ্যে কয়েকজন নেতা দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ ফেনীর দুটি কারাগারে বেসরকারি কারা পরিদর্শক নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কফিল উদ্দিন মামুন।
বিভিন্ন সূত্র জানায়, ফেনী কারাগার-১ ও ফেনী কারাগার-২-এর জন্য মোট ১৪ জনকে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে চারজন সংসদ সদস্য রয়েছেন। বাকিরাও বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।
রাণীরহাটে অবস্থিত ফেনী কারাগার-১-এর কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার এবং সাধারণ সম্পাদক জয়নব বানু।
অন্যদিকে, শহরের জেল রোডে অবস্থিত ফেনী কারাগার-২-এর কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও ফেনী আদালতের আইনজীবী মো. শহীদুল ইসলাম ভূঁইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা রহমান এবং ফেনী পৌর মহিলা দলের নেত্রী রোকসানা আক্তার।
এই নিয়োগের পরপরই ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন কফিল উদ্দিন মামুন। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি দলের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে বঞ্চনার কথা তুলে ধরেন। সেখানে মামুন লেখেন, ‘যারা শুধু ১৭ বছর নয়, জয়নাল হাজারীর আমল থেকেই যুদ্ধ করে আসছিল, তারা আজ পরগাছার প্রভাবে বঞ্চিত।’
এর আগে জেলা বিএনপির আরেক সদস্য, যুবদলের সাবেক সভাপতি ও ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমও দল থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। গত ২ নভেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এদিকে, বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই অধ্যাপক জয়নাল আবেদিন ২০০১ সালের রাজনৈতিক চর্চায় ফিরে গেছেন। নিজের চারপাশে অন্য দল থেকে বিএনপিতে আসা ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছেন তিনি। এ নিয়ে নির্বাচনের পর থেকেই দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
নেতাকর্মীদের অভিযোগ, সদর উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিসংক্রান্ত কমিটিতে সদস্য হিসেবে জাসদ থেকে বিএনপিতে আসা অ্যাডভোকেট শেখ বাহার উল্লাহ এবং শ্বশুরপক্ষের আত্মীয় অ্যাডভোকেট সাইফুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়। একইভাবে জেলা শিক্ষক বদলিসংক্রান্ত কমিটিতে জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মোতালেব এবং ব্যক্তিগত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামাল উদ্দিনকে রাখা হয়। এ নিয়ে বিতর্ক ও চাপের মুখে তৎকালীন জেলা প্রশাসক জেলা বদলি কমিটির দুই সদস্যকে পরিবর্তন করতে বাধ্য হন বলে দাবি তাঁদের।
এ ছাড়া ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে সংসদ সদস্য জয়নাল আবেদিনের দেওয়া তালিকায় আওয়ামী লীগ এবং জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম থাকার অভিযোগও করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও এবং ঝাড়ু মিছিল করেন।
কারা পরিদর্শক নিয়োগ প্রসঙ্গে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, সব মিলিয়ে ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে মন্ত্রী ও সংসদ সদস্যরা যাঁদের নাম প্রস্তাব করেছিলেন, বিধি অনুযায়ী গত মাসে সেভাবেই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নাম পাঠানো হয়েছিল।
এ বিষয়ে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, কফিল উদ্দিন মামুন জেলা বিএনপির সদস্য। তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। ফেসবুকে নিজ থেকে অব্যাহতি নেওয়ার কথা লিখেছেন মাত্র। এ বিষয়ে বিএনপির কাছে তিনি কোনো লিখিত আবেদন করেননি। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করাও দলীয় শৃঙ্খলাপরিপন্থী। তাঁদের কারও পদত্যাগপত্র আমাদের হাতে আসেনি। বিএনপির কাছেও কোনো পদত্যাগপত্র জমা পড়েনি। বিষয়টিকে আমি তাঁদের ব্যক্তিগত মতামত হিসেবেই দেখছি।
