নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতায় জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন ফেনীর কৃতি সন্তান রাহুল শর্মা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন তিনি। আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে ‘৫ কারণে দেশ ছাড়ছেন শিক্ষার্থীরা’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য প্রিন্ট ক্যাটাগরিতে শিক্ষা বিষয়ে সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন তিনি।
রাহুল শর্মা ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ।
পুরস্কার অর্জনের অনুভূতি প্রকাশ করে রাহুল শর্মা বলেন, ‘পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হলে আনন্দটা হয় আরও গভীর, অনুভূতিটাও হয়ে ওঠে বিশেষ। এই অর্জনের সঙ্গে যাঁরা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন, তাঁদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, এ বছর ছাপা পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের ২২ জন সাংবাদিককে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনগুলো এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। পুরস্কার আয়োজনে সহযোগিতা করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
