ফেনী প্রতিনিধি:
ফেনীতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, পোস্ট অফিস, ভূমি অফিসসহ বিভিন্ন স্থাপনা ও ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। অগ্নিসংযোগে কয়েকটি স্থাপনা ও ট্রাক ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাতে ফেনী শহরের মিজান রোডে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। শনিবার দিবাগত রাতে ফেনী পোস্ট অফিসের একটি পরিত্যক্ত কক্ষে অগ্নিসংযোগ করা হয়। এতে চেয়ার-টেবিলসহ পুরোনো কিছু সরঞ্জাম পুড়ে যায়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এতে ভবনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ফেনী ডাক বিভাগের পোস্টমাস্টার মো. কামাল হোসেন জানান, শনিবার রাতে পোস্ট অফিসের একটি পরিত্যক্ত কক্ষে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে পুরোনো কিছু জিনিসপত্র পুড়ে গেলেও চলমান কার্যক্রমের কোনো নথি বা কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দেওয়া হয়। এতে অফিসে থাকা একটি ব্যানারের কিছু অংশ পুড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পূর্বচন্দ্রপুর মেটালের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাকটির নম্বর চট্ট মেট্রো-ট-১১-৪৭৭০। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে একটি পেট্রোলবোমা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে ট্রাকটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল করিম জানান, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুই ব্যক্তিকে দেখা গেছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ট্রাকমালিকের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।
এদিকে, মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় শুক্রবার ভোরে আরও একটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ উঠলেও পুলিশ এ ধরনের ঘটনার তথ্য অস্বীকার করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়ে ভিডিও ধারণ করে চলে যাচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে, সে জন্য পুলিশ, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা জোরদার করতেও বলা হয়েছে।
