ফেনী প্রতিনিধি :
ফেনীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও হালনাগাদ না রাখা এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে অসংগতি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত ফেনী সদর উপজেলার ইসলামপুর রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখা এবং কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন করা হয়। পাশাপাশি কৃষি বিপণন আইন, ২০১৮-এর আওতায় তিনজন অভিযুক্তকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, ফেনীর মাঠ বাজার পরিদর্শক হারুনুর রশিদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন, ফেনী সদর।
