ফেনী প্রতিনিধি:
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, একজন ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবী রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) ফেনী মডেল থানা পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা, ৬ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সুমন (৩৩), মো. পারভেজ হোসেন ওরফে টুকাই পারভেজ (৩২) এবং মো. সাগর (১৯)। তাঁদের মধ্যে সুমনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম, পারভেজের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট এবং সাগরের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তাঁরা বর্তমানে ফেনী পৌর এলাকার বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।
এ ছাড়া ফেনী মডেল থানাধীন ১ নম্বর শর্শদী ইউনিয়নের নোয়াবাদ এলাকায় স্টার লাইন পরিবহনের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ মো. বাবলু (৩৫) নামে একজনকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
এদিকে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ও মাদকসেবীসহ অভিযানে সর্বমোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, ফেনী সদর এলাকার মাদক নির্মূলে বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
