নিজস্ব প্রতিনিধি | জনতার কণ্ঠ :
ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনসহ ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং আন্তঃজেলা কাভার্ড ভ্যানের মালামাল চুরি চক্রের সদস্যসহ মোট ২২ আসামিকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৯ সেপ্টেম্বর ভোররাত পর্যন্ত ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ফেনী রেলস্টেশন, ব্রাহ্মণপুকুর পাড়, সরকারি কলেজের পেছনের সড়কসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে মো. শুকুর প্রকাশ কানা শুক্কুর (২৬), মো. আব্দুল মমিন (৪৬) ও কাউছার হোসেন আশিক (২৩)কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ফেনী মডেল থানায় ৯ সেপ্টেম্বর ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম থেকে গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যান থেকে এক প্যাকেট অ্যালুমিনিয়াম ওয়্যার কম পাওয়ার ঘটনায় করা মামলায় দ্রুত অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত মালামালও উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ মোট ২২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানও চলবে।
