খাগড়াছড়ি প্রতিনিধি | জনতার কণ্ঠ :
সাজেকের অচলাবস্থা নিরসন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
শনিবার সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ প্রস্তাব উঠে আসে।
সভায় সাজেক সড়কে অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রস্তাব অনুযায়ী, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের উদ্যোগে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার ব্যবস্থা করা হবে।
পাশাপাশি, খাগড়াছড়ি ও রাঙামাটির নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত দলের নেতৃত্বে থাকবেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সভায় বলা হয়, দীর্ঘদিন সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ ও পর্যটকদের ভোগান্তি বাড়ছে। পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ায় সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
এ ছাড়া সড়ক অবরোধে কার্বারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। সংগঠনটির বিরুদ্ধে অবরোধকারীদের কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ তুলে জবাবদিহির আওতায় আনার বিষয়টিও আলোচনায় আসে।
সভা শেষে জনদুর্ভোগ কমানো, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়ার কথা জানানো হয়।
শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
