নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য পদ হারাতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই শূন্য হবে ঠাকুরগাঁও-১ আসন। এরপর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে।
বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য হওয়ার খবরে এরই মধ্যে বিএনপির ভেতরে শুরু হয়েছে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা। ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, উপনির্বাচনের তফসিল ঘোষণার পরই প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করবে বিএনপির শীর্ষ নেতৃত্ব। শেষ পর্যন্ত কার হাতে উঠছে ধানের শীষের মনোনয়ন, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।
তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলীয়ভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে কে আসছেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর পর্যন্ত।
