জনতারকণ্ঠ ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার রাতে দলের পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পর যুবদলের শীর্ষ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও মতবিনিময় করেন।
যুবদলের নেতারা আশা প্রকাশ করেন, রুহুল কবির রিজভীর নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন।
