নিজস্ব প্রতিবেদক:
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুরের কৃতি সন্তান ডা. মহিউদ্দিন হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এমডি (কার্ডিওলজি) অর্জন করেছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি এ সাফল্য অর্জন করেন।
ডা. মহিউদ্দিন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত খায়েজ আহমেদের ছোট ছেলে। তাঁর এ অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
শিক্ষাজীবনে তিনি বরাবরই ছিলেন মেধাবী ও পরিশ্রমী। তিনি গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ এবং নটরডেম কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশের ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে যোগদান করেন। কর্মজীবনের পাশাপাশি উচ্চতর শিক্ষার প্রতি তাঁর আগ্রহ, নিষ্ঠা ও অধ্যবসায়ের ফলস্বরূপ তিনি হৃদরোগ বিষয়ে এমডি (কার্ডিওলজি) ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছেন।
কর্মজীবনে ডা. মহিউদ্দিন ঢাকা অ্যাপোলো হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) এবং পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
ডা. মহিউদ্দিনের এ গৌরবোজ্জ্বল সাফল্যে তাঁর স্বজন ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।
