ফেনী প্রতিনিধি:
পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের অসহায় পরিবারের জন্য নবনির্মিত নতুন বাড়ি উপহার দেওয়া হবে। আগামীকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর পক্ষে পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের উদ্যোগে শহীদ হারুনের পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে। আগামীকাল দুপুর ১২টায় ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করা হবে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি তুলে দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
