ফেনী প্রতিনিধি :
মাদক কারবারিদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
গতকাল শনিবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার রৌশন ফকির মাজার সংলগ্ন মাঠে উত্তর যশপুর ও সতর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।
মাদকমুক্ত সমাজ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
মাদক যুবসমাজকে ধ্বংস করছে। এর প্রভাব পড়ছে পরিবার ও সমাজে। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, পুলিশ একা মাদক নির্মূল করতে পারবে না। মাদক কারবারিদের বিষয়ে গোপনে পুলিশকে তথ্য দিতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেওয়া হবে।
মাদক কারবারিদের হাতে কেউ হয়রানির শিকার হলে সবাইকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মুন্সী রফিকুল আলম মজনু, সংসদ সদস্য ফেনী-১
পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান এম নুরুল হোসেন খোকার সভাপতিত্বে এবং সমাজকর্মী আরিফ উদ্দিন বাদলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ , ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার , সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার , সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, ওসি (তদন্ত ) মোহাম্মদ ইসমাইল।
