ফেনী প্রতিনিধি :
ফেনীতে বিশেষ অভিযানে গরু চোর চক্রের সক্রিয় পাঁচ সদস্য, সন্ত্রাসবিরোধী মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই তিনটি গরু উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনীর দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে তিনটি চোরাই গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের মহেশখালীর তৈয়ব আলী (৪০), ভোলার দৌলতখানের বাবুল (৩৫), ভোলার শশীভূষণের মনির হোসেন (৩৬), রাঙ্গামাটির নানিয়ারচরের ফারুক হোসেন (৪৬) এবং চট্টগ্রামের রাউজানের নাসির (৪৩)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পিকআপভ্যান ব্যবহার করে বিভিন্ন জেলায় গরু চুরি করে আসছিলেন।
ফেনী মডেল থানার ওসি অপারেশন সাজেদ কামাল জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার বাসিন্দা সৈয়দ সাইফু উদ্দিনের বসতঘরের সামনের গোয়ালঘর থেকে পিকআপভ্যানযোগে গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পরে ২৫সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম থেকে চোরাই গরু উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে।
এ ছাড়া একই বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ১৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেনী জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান চালানো হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
