ফেনী প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়ায় দিঘিতে বেড় দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কফিল উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত ১০ টা দশ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান চটনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত কফিল উদ্দিন ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ হরিপুর গ্রামের শাহ কামাল উদ্দিনের ছেলে। গত ১৭ অক্টোবর সকালে উপজেলার পাঠাননগর ইউনিয়নের ছেরুমিয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় দেওয়ান বাড়ি দিঘির মাছের ভাগ নিয়ে কফিল উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমান চটনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কফিলের পরিবারের অভিযোগ, চটনের পরিবারের সদস্যরা জোর করে দিঘিতে বেড় দিয়ে মাছ ধরে নিয়ে যেতেন।
গত ১৭ অক্টোবর সকালে কফিল উদ্দিন ও তাঁর ভাইয়েরা দিঘিতে বেড় দেওয়ার প্রস্তুতি নিলে চটন, তাঁর ভাই গোলাম মাহমুদ আজিম ও গোলাম রহমান লিটন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কফিল উদ্দিনের মাথায় গাছের গুঁড়ি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হামলার ঘটনায় কফিল উদ্দিনের স্ত্রী আয়েশা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে আদালতে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল জানান, আদালতের নির্দেশে এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা রেকর্ড করা হয়েছিল। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আহত ব্যক্তির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
—-
ছবি: নিহত আব্দুল আউয়াল
