ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে পর্তুগাল প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা শাহজাহান সিরাজীর ছেলে সাখাওয়াত হোসেন শুভর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগমসহ চারজন আহত হয়েছেন। লুট হয়েছে নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও থানায় মামলা রেকর্ড না হওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। উল্টো নতুন করে হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের।
রোববার রাত ৯টার দিকে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের পর্তুগাল প্রবাসী এমলি খানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজীর ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে
প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগমসহ চারজন আহত হন। হামলাকারীরা নগদ আড়াই লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি পরিবারের।

পরিবারের সদস্যদের দাবি, হামলার পর পালিয়ে যাওয়ার সময় নবাবপুর বাজারের ব্যবসায়ীরা শুভসহ তিনজনকে আটক করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অস্ত্রধারীরা এসে ফাঁকা গুলি ছুড়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্য মিজানুর রহমান বলেন, ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখনো মামলা রেকর্ড করা হয়নি। বরং অভিযোগ দেওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে সঙ্গে নিয়ে শাহজাহান সিরাজী তাদের বাড়ির সামনে মহড়া দেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে হামলার আতঙ্ক তৈরি হয়েছে।
এ ঘটনায় বৃদ্ধা হাসিনা বেগম বাদী হয়ে শাহজাহান সিরাজীকে প্রধান অভিযুক্ত করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান সিরাজী। তিনি বলেন, ভিসার জন্য দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তার ছেলেকে আটক করা হয়েছিল। খবর পেয়ে তিনি ছেলেকে ছাড়িয়ে আনেন। তবে হামলা, ভাঙচুর কিংবা লুটপাটের সঙ্গে তিনি জড়িত নন। টাকা লেনদেনের ডকুমেন্ট আছে কিনা এমন প্রশ্নের উত্তরে কোন সদুত্তর মেলে নি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি সেখানে গিয়েছিলাম।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
