ফেনী প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফেনীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর ছবি সংবলিত একটি ব্যানার বহন করেন নেতাকর্মীরা। ব্যানারে লেখা ছিল, ‘অপেক্ষার প্রহর শেষ, নেত্রী ফিরছেন বাংলার জনগণের মাঝে’ এবং ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, তোমার অপেক্ষায় বাংলাদেশ’।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ এবং ‘নিজাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে ছাত্রলীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী অংশ নেন।
