ফেনী প্রতিনিধি:
অগ্নিনির্বাপক যন্ত্রের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন করে বিক্রির অভিযোগে ফেনীতে ‘মেসার্স তুহিন এন্টারপ্রাইজ’ নামে একটি জ্বালানি ও অক্সিজেন সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৫ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের নিয়মিত তদারকি অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে বেলা ১১টা থেকে জেলার হাজারী রোড, মহিপাল, লালপোল, ফতেহপুর ও হাজীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাঁচা মরিচ, ডিম, সবজি, গ্যাস সিলিন্ডার, সুগন্ধি চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করা হয়।
অভিযানের একপর্যায়ে মহিপালের এসএসকে রোডের সোনালী ব্যাংক ভবনে অবস্থিত মেসার্স তুহিন এন্টারপ্রাইজে অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ নিয়ে কারসাজির বিষয়টি ধরা পড়ে। প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানি থেকে সরবরাহ করা অগ্নিনির্বাপক যন্ত্রের গায়ে থাকা উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ মুছে ফেলে নিজেদের স্টিকার লাগিয়ে নতুন তারিখ উল্লেখ করে বাজারজাত করছিল বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে আরও দেখা যায়, কিছু অগ্নিনির্বাপক যন্ত্রের প্রকৃত উৎপাদন তারিখ থেকে কয়েক মাস কিংবা এক বছর পার হয়ে গেলেও সেগুলোতে বিক্রির তারিখ থেকে পরবর্তী এক বছরের মেয়াদ উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে রিফিল করে আনা অগ্নিনির্বাপক যন্ত্রেও নিজেদের স্টিকার লাগিয়ে নতুন মেয়াদ উল্লেখ করা হচ্ছিল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মানুষের জীবন ও নিরাপত্তা বিপন্ন করতে পারে—এমন কর্মকাণ্ডের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম (তুহিন) ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলে লিখিত অঙ্গীকার করেন।
অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
