ছাগলনাইয়া প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় আলোচিত বিএনপি নেতা আলমগীর সিদ্দিকীর গ্রেপ্তারের খবরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে স্থানীয়দের একাংশকে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, আলমগীর সিদ্দিকীর আদি বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে। পরে ফেনী নদীর ভাঙনে তাদের বসতভিটা বিলীন হয়ে যায়। পরবর্তীতে তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন এবং স্থানীয়ভাবে ঘরজামাই হিসেবে পরিচিতি পান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি রাজনৈতিক জীবনের শুরুতে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিএনপিতে যোগ দিয়ে স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন এবং ধীরে ধীরে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অতীত জীবন, বিদেশে অবস্থান এবং বিভিন্ন মামলার বিষয়ে নানা দাবি প্রচার করা হচ্ছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে আলমগীর সিদ্দিকী বা তার পরিবারের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি ছাগলনাইয়ায় সংঘটিত একটি আলোচিত মামলায় তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
