লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদরাসা থেকে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদরাসায় অভিযান চালিয়ে এসব বীজ উদ্ধার করা হয়। অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং মাদরাসাটির ভারপ্রাপ্ত সুপার।
উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের মধ্যে বিতরণের জন্য প্রায় ২০ দিন আগে বীজগুলো পাঠানো হলেও তা বিতরণ না করে একটি কক্ষে রাখা হয়েছিল। পরে উদ্ধার করা বীজ স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
এ ঘটনায় মাদরাসার ভারপ্রাপ্ত সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ।
