নিজস্ব প্রতিবেদক:
সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সভায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ই-রিকশার চলাচল, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ই-রিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনার আওতায় আনতে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
