নিজস্ব প্রতিবেদক :
ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই ভাইকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সুজন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই শরিফ মিয়া।
বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে ট্রেনে ওঠেন দুই ভাই সুজন ও শরিফ। ট্রেনের বগিতে জায়গা না থাকায় তারা ছাদে অবস্থান নেন।
আহত শরিফের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের ঝাপটে ধরেন। টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা দুই ভাইকে কুপিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়।
শরিফ জানান, তাকে একদিকে এবং তার ভাই সুজনকে অন্যদিকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত শরিফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও রাতভর খোঁজ করেও সুজনের সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে মুহুরীগঞ্জ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সুজনের মরদেহ উদ্ধার করে ফেনী রেলওয়ে পুলিশ। ফেনী রেলওয়ে পুলিশের এসআই মাসুদুর রহমান জানান, নিহতের মাথায় বড় ধরনের জখমের চিহ্ন রয়েছে।
নিহত সুজন ও আহত শরিফ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা। তারা দুজনই সিএনজি অটোরিকশাচালক।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
