বিশেষ প্রতিবেদক :
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডাবল মাস্টার্স সম্পন্ন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, নেতাকর্মীদের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি ইউনিয়নের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন নিজাম উদ্দিন। পরবর্তীতে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক (খোকন-দোলন কমিটি) ও সভাপতি (কামরুল-সৈয়দ কমিটি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (কামরুল-সৈয়দ কমিটি), সহসভাপতি (সৈয়দ-শাহরিয়ার কমিটি) এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলীয় রাজনীতিতে ধারাবাহিক ভূমিকা ও নেতাকর্মীদের পাশে থাকার কারণে ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান তিনি। ২০১৬ সালের নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক সমর্থনে কাউন্সিলরদের স্বাক্ষরিত সমর্থন পেলেও শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বঞ্চিত হন বলে জানা যায়।
৫ আগস্ট-পরবর্তী সময়ে দলের বিভিন্ন কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দাবি রয়েছে নিজাম উদ্দিনের। একই সঙ্গে এলাকার ক্রীড়া, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি।
নিজাম উদ্দিন এডভোকেট বেলায়েত হোসেন স্মৃতি সংসদ নামের ক্রীড়া ও সামাজিক ক্লাব পরিচালনার সঙ্গে যুক্ত। এছাড়া আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মাদকবিরোধী অবস্থান, বিট পুলিশিং সভা-সমাবেশে অংশগ্রহণ এবং কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমিরাবাদ ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চলছে।
