নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন, যেখানে অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি) জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। এফসিসির দাবি, এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি।
এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় থাকলেও সাংবাদিকদের সব পক্ষের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করতেই তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি জানান, গত ১৯ জানুয়ারি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে একাধিকবার এফসিসিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও তিনি সাড়া দেননি। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত সরকার এ আয়োজনে কোনো আপত্তি বা বাধা দেয়নি এবং এফসিসি তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।
ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা অংশ নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।
আয়োজকদের তথ্যমতে, শেখ হাসিনার পাশাপাশি প্যানেলে অংশ নেবেন সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে যান। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে ও দৈনিক ওয়াদা।




