ফেনীর ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৩ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
সোমবার (৩ আগস্ট) বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত গাঁজা পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, পদাতিক বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ফেনী ব্যাটালিয়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
