ফেনী প্রতিনিধি , জনতার কণ্ঠ:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ফেনী জেলা ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব কোব্বাত আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
এ সময় ফেনী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ফেনী জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
