ফেনী প্রতিনিধি:
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহামায়া ইউনিয়নের কৃতী সন্তান ও কোস্টাল কেরিয়ার লিমিটেড এবং চট্টগ্রাম সি সাপোর্টের চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাস দেখে তাৎক্ষণিক সাড়া দিয়ে মরহুম আব্দুল হক হুজুরের পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের মেয়ের বিয়ে ঠিক হলে বিয়ের আয়োজনের জন্য আরও ১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জানা গেছে, মরহুম আব্দুল হক হুজুরের পরিবারের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর আহমেদ মাহী রাসেল দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এই উদ্যোগে পরিবারটি আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়ভাবে তাঁর এ মানবিক উদ্যোগ প্রশংসিত হচ্ছে। অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এ দৃষ্টান্ত অন্য বিত্তবানদেরও মানবিক কাজে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবিক সহায়তার মাধ্যমে আহমেদ মাহী রাসেল আবারও প্রমাণ করেছেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তরিকতা ও সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতো সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় পরিবারগুলোর দুর্দিনে আশার আলো জ্বলে উঠবে।
মানবিক এ উদ্যোগের জন্য আহমেদ মাহী রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
