ফেনী প্রতিনিধি :
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) ফেনী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি মাওলানা আব্দুল হান্নান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার আঘাতে সংঘটিত হত্যাকাণ্ড স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বাংলার মাটিতেই ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।
শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক জেলা আমীর একেএম সামসুদ্দিন এবং অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সদর আমীর মাওলানা নাদেরুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি মো. শফিকুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান ও মাওলানা আরফান উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার স্মৃতিচারণ করেন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
সমাবেশ শেষে আয়োজকেরা জানান, দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যার পর ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
