নিজস্ব প্রতিবেদক, ফেনী | জনতার কণ্ঠ :
ফেনীতে দস্যুতার প্রস্তুতিকালে নুরে আলম সিদ্দিক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাঁচটি ধারালো রামদা, একটি কিরিচ ও অপরাধে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টারলাইন ফিলিং স্টেশনসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইমাম মার্কেটের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জানতে পারে, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ফতেহপুর এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে যাচ্ছে। পরে চেকপোস্টে অটোরিকশাটিকে থামার সংকেত দিলে চালকসহ চারজন পালানোর চেষ্টা করে। এ সময় যাত্রী আসনে থাকা নুরে আলম সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তার নুরে আলম সিদ্দিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পূর্ব ছিলমানের পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
পরে অটোরিকশাটি তল্লাশি করে যাত্রী আসনের পেছন থেকে লাল-সবুজ রঙের গামছায় মোড়ানো কাঠের হাতলযুক্ত পাঁচটি ধারালো লোহার রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ সময় সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
