ফেনী প্রতিনিধি:
ফেসবুকে একটি পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে ফেনীর কালিদহ ইউনিয়ন বিএনপির সদস্য ও ব্যবসায়ী সমিতির নেতা আবদুল কাদেরকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা শারাফাত হোসেন চৌধুরী জিকুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত শারাফাত হোসেন চৌধুরী জিকু দাউদপুর চৌধুরী বাড়ির মোজাম্মেল চৌধুরীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোজাম্মেল চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিভিন্ন ছবি ও লেখাসহ ফেসবুকে প্রকাশিত একটি পোস্ট মনির চৌধুরী নামের একটি আইডি থেকে শেয়ার করা হয়। ওই পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে আবদুল কাদেরের ওপর ক্ষুব্ধ হন জিকু। পরে গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল কাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে জিকু চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফেনী ব্যবসায়ী সমিতি, ট্রাংক রোড দক্ষিণের সাধারণ সম্পাদক আমির উদ্দিন ভূঁইয়া জানান, জিকুকে আসতে দেখে আবদুল কাদের তাঁর সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়ান। তবে জিকু তা প্রত্যাখ্যান করে ফেসবুকে পোস্ট শেয়ার করার বিষয়ে জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জিকু আবদুল কাদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান বলে তিনি জানান।
আবদুল কাদের বলেন, মোজাম্মেল চৌধুরীর ফ্যাসিস্ট আমলের বিভিন্ন ছবি-সংবলিত একটি লেখার পোস্ট ফেসবুকে শেয়ার করার কারণে তাঁর ছেলে জিকু তাঁকে হুমকি দিয়েছেন। বিষয়টি তিনি ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরকে অবহিত করেছেন বলেও জানান।হুমকিদাতার বিরুদ্ধে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত শারাফাত হোসেন চৌধুরী জিকুর বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দিলে তিনি ব্যস্ত আছেন বলে কলটি কেটে দেন।
