পনিজস্ব প্রতিবেদক:
মফস্বলের ভালো রিপোর্টিং ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (UNB)-এর জেলা প্রতিনিধিদের সম্মেলনে ফেনী প্রতিনিধি মোঃ শফি উল্লাহ রিপনকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) আয়োজিত ইউএনবির প্রধান কার্যালয়ে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ২০২৬ এ ভালো রিপোর্টিংয়ের জন্য এ সম্মাননা সার্টিফিকেট তুলে দেন সদ্য সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন , প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ইউএনবির সাবেক সম্পাদক মাহফুজুর রহমান এবং ইউএনবির প্রধান সম্পাদক এনায়েত উল্লাহ খান।
ইউএনবি বাংলাদেশের অন্যতম শীর্ষ সংবাদ সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে দেশজুড়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে আসছে। স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, প্রশাসন, রাজনীতি, অপরাধ ও উন্নয়নসংক্রান্ত খবর জাতীয় পর্যায়ে তুলে ধরতে জেলা প্রতিনিধিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ভালো রিপোর্টিংয়ের জন্য এই স্বীকৃতি সংশ্লিষ্ট সাংবাদিকের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি ইউএনবির মূল্যায়নের প্রতিফলন বলে মনে করছেন। এমন সম্মাননা মাঠপর্যায়ের সাংবাদিকদের আরও তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে কসমস ফাউন্ডেশনের সভাপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা কুরিয়ারের এডিটর-অ্যাট-লার্জ আফসান চৌধুরী, কসমস ফাউন্ডেশনের প্রধান গবেষণা ফেলো আসাদ লতিফ, ইউএনবির ভারপ্রাপ্ত সম্পাদক ও ঢাকা কুরিয়ারের নির্বাহী সম্পাদক শায়ান এস খান, দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বক্তব্য দেন।
##
