ফেনী প্রতিনিধি :
ফেনীর ছাগলনাইয়ায় পৃথক দুটি গ্রামে গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়া ও লক্ষ্মীপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়ায় মাওলানা আবদুল কাইয়ুমের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে গরু না থাকায় চুরির বিষয়টি টের পান।
অপরদিকে, একই রাতে লক্ষ্মীপুর নতুন করৈয়া বাজারের ব্যবসায়ী জিয়া উদ্দিনের গোয়ালঘরের তালা কেটে দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চুরি যাওয়া গরু উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই সেলিম মঙ্গলবার সকালে জানান, গরু চুরির বিষয়ে থানায় অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
