ফেনী প্রতিনিধি:
ফেনীতে সরকারি দায়িত্ব পালনে বাধা, পুলিশ সদস্যকে মারধর, অবরোধ ও হত্যার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে ফেনী মডেল থানাধীন মহিপাল ফ্লাইওভারের মাথার পূর্ব পাশে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন—ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়ীপুর এলাকার মো. ইলিয়াছ (৪০) ও মো. ইউনুস (২৮)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী সদর ট্রাফিক, ফেনীর কনস্টেবল মো. আব্দুল মালেক। এজাহারে তিনি অভিযোগ করেন, বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে অভিযুক্তরা সরকারি দায়িত্ব পালনকালে তাকে বাধা দেন এবং আঘাত করেন। একপর্যায়ে তাকে অবরুদ্ধ করা ও হত্যার ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ ঘটনায় ফেনী মডেল থানায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৩২, ৩৫৩, ১৮৬ ও ৫০৬(২) ধারায় মামলা করা হয়েছে। ৫ সেপ্টেম্বর মামলাটি রুজু করা হয়।
মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশ পরিদর্শক (তদন্ত) পর্যায়ে দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
