ফেনী প্রতিনিধি:
ফেনী সদর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২২.৫ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ২৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি কন্টেইনারবাহী ট্রাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল ও ধর্মপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ১৫ মিনিটে ফেনী সদর থানাধীন লালপোলস্থ স্টার হোটেল অ্যান্ড বিরিয়ানী হাউসের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় এসআরবি-৭-এর একটি দল।
এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি সিঙ্গেল কেবিন পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনে লুকানো একটি প্লাস্টিকের বস্তা থেকে তিনটি বান্ডিলে থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপচালক মো. আবুল হোসেন ওয়াসিম (৩৭)কে আটক করা হয়। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণকুল ইছানগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
অন্যদিকে, ভোর ৫টা ৩০ মিনিটে ফেনী সদর থানাধীন ধর্মপুর এলাকায় স্টার লাইন সিএনজি পাম্পের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।
এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি কন্টেইনারবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি কার্টনের ভেতর থেকে ২৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গাংড়া এলাকার মো. ইউসুফ ভূঁইয়ার ছেলে মো. মাসুম ভূঁইয়া (৩৩)কে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কন্টেইনারবাহী ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এসআরবি-৭, চট্টগ্রাম জানিয়েছে, আটক দুই অভিযুক্ত ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
