ফেনী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, বিভিন্ন ধরনের ঔষধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।”
