ফেনী প্রতিনিধি:
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইদুল ইসলাম (৩২) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশায় থাকা এক যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নিজকুনজরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, বারইয়ারহাট থেকে এক যাত্রী নিয়ে ব্যাটারিচালিত রিকশাযোগে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন সাইদুল ইসলাম। পথে নিজকুনজরা এলাকায় মহাসড়কের ইউ-টার্ন অতিক্রম করার সময় পেছন থেকে আসা স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি বাসের নিচে চাপা পড়ে।
দুর্ঘটনায় রিকশাচালক সাইদুল ইসলাম ও তার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আবু নোমান আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও রিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
