নিজস্ব প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় কচুগাছ কাটাকে কেন্দ্র করে ছালেহ আহমদ নামে ৭০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ আগস্ট ) বিকেলে মহামায়া ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসমাইল জানান, নিহত ছালেহ আহমদের সঙ্গে দুলাল নামে এক ব্যক্তির জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিকেলে বাড়ির পাশের সীমানার কচুগাছ কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, একপর্যায়ে দুলাল বালতি দিয়ে ছালেহ আহমদের মাথায় আঘাত করেন। এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ছালেহ আহমদ আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় অভিযুক্ত দুলাল পলাতক রয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
