নিজস্ব প্রতিবেদক :
বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশের সাধারণ মানুষের অধিকার, কল্যাণ ও সমৃদ্ধির জন্য—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি এ দেশের জনগণ। জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় মোকামতলা উপজেলার নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা আমাদের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা। এসব আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
পরিচিতি সভায় নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
