নিজস্ব প্রতিনিধি | জনতারকণ্ঠ :
ফেনীতে পৃথক দুটি অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনী মডেল থানাধীন লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তাহের মৎস্য অ্যান্ড পোল্ট্রি দোকানের সামনে অভিযান চালায় ডিএনসি ফেনীর একটি দল। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মোশাররফ হোসেন সবুজ (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুরশ মুন্সী রোডে আরএলবি ব্রিক ফিল্ডের প্রবেশমুখে অভিযান চালানো হয়। সেখানে ৩২ পিস ইয়াবাসহ মো. আজাদ হোসেন ওরফে রবিন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি ফেনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক সময়ে অভিযান দুটি পরিচালনা করা হয়। প্রথম অভিযানটি বিকেল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং দ্বিতীয় অভিযানটি রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলে।
গ্রেপ্তার মোশাররফ হোসেন সবুজ ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা। আর আজাদ হোসেন রবিন দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের বাসিন্দা।
ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন পরিদর্শক জীবন বড়ুয়া।
