ফেনী প্রতিনিধি | জনতার কণ্ঠ :
ফেনী পৌরসভা প্রাঙ্গণে মানববন্ধন করে কর নির্ধারণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলার ঘটনায় তা প্রত্যাখ্যান করেছেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, কর নির্ধারণ ও কর আদায় নির্বাহী প্রকৌশলীর দায়িত্বের মধ্যে পড়ে না। ফলে কর আদায়ের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
মোহাম্মদ জাকির উদ্দিন বলেন, “কর নির্ধারণ, কর আদায় নির্বাহী প্রকৌশলীর কাজ নয়। কর আদায়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ দায়িত্ব সরকার কর্তৃক আমার ওপর অর্পিত দায়িত্বের মধ্যেও পড়ে না।”
তিনি বলেন, ফেনী পৌরসভার প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে তার দায়িত্ব হলো পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা এবং নাগরিকদের স্বার্থে প্রকৌশল সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করা।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোনো বিষয় সম্পর্কে না জেনে বা না বুঝে কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং গণমাধ্যমের সামনে তাকে হেয় করা সমীচীন নয়।
তিনি বলেন, “মানুষের কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে মনের অজান্তে ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়। ভুল হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। কিন্তু না জেনে, না বুঝে কারও বদনাম করা বা গণমাধ্যমের সামনে তাকে নাজেহাল করা সমুচিত নয়।”
এ ঘটনায় সম্মানিত পৌর নাগরিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে কোনো বিষয়ে মন্তব্য করার আহ্বান জানান তিনি।
সবশেষে মোহাম্মদ জাকির উদ্দিন বলেন, দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলের কারণে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
